কানাডা প্রতিনিধি: বিশিষ্ট রাজনীতিবিদ ও কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী কানাডা প্রবাসী বাংলাদেশীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তিনি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে বিগত দিনে ও বর্তমানে কাজ করে যাওয়া কানাডা প্রবাসী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি স্বৈরাচার ও বাকশালের প্রতিনিধি বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রীর কানাডা সফরকালে ‘যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ’ এর অংশ হিসেবে যেসব দেশপ্রেমিক কানাডার বিভিন্ন শহরে সমাবেত হয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
ফয়সাল চৌধুরী ঈদ আনন্দের দিনেও নিজের কষ্ট উল্লেখ করে বলেন, “আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ বার্তার সাথে একাত্ম হয়ে মনে প্রাণে বিশ্বাস করি যে, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক যে যেখানেই অবস্থান করছেন না কেন, তাদের মনে এবারে ঈদের এই খুশির দিনেও তারা বেদনার্ত হয়ে আছেন, কারণ দেশের গণতন্ত্রের প্রতীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে মুক্ত হয়ে নেই। তাকে স্বৈরাচার ও বাকশালের কারাগার বন্দী করে রেখেছে। গণতন্ত্রের প্রতীক, অধিকারহারা মানুষের আশা-ভরসার প্রেরণা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামী ঈদটা যেন তিনি মুক্ত হয়ে দেশের মানুষের মাঝে করতে পারেন এই আকাংখা করছি। সবাইকে ঈদ মোবারক।“















