প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত প্রতিবেদন পেছালো

1038

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম প্রতিবেদন দাখিল করতে না পারায়, ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিয়াকত হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার নাজমুল হক ও জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম।

গত বছর ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটিকে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয়। এ ঘটনায় দুই দফায় বর্তমান মামলার নয় আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়।

এরপর গত বছর ২০ ডিসেম্বর বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করেন। দণ্ডবিধির ১০৯, ১১৮, ১২০ (খ), ২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়।