ফেসবুকে ইসলাম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড

487

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম সম্পর্কে অবমাননাকর বিষয়বস্তু ফেসবুকে শেয়ার করায় একজনকে মৃত্যুদণ্ড দিলেন পাকিস্তানের এন্টি টেরোরিজম কোর্ট-এটিসি।

শনিবার ভাওয়ালপুরে এটিসি বিচারক শাবির আহমেদ ৩০ বছরের ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দেন।

দেশটিতে সাইবার অপরাধের দায়ে দেয়া দণ্ডের মধ্যে এটিই সর্বোচ্চ শাস্তি।

লাহোরের ওই বাসিন্দা বিখ্যাত সুন্নি ধর্মীয় নেতা ও মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর স্ত্রীদের সম্পর্কে অবমাননাকর বিষয়বস্তু ফেসবুকে পোস্ট করেন।

গেলো বছর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট-সিটিডি ভাওয়ালপুর থেকে শিয়া সম্প্রদায়ের অন্তর্গত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

সিটিডি মুলতান পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

এ বছরের শুরুতে পাকিস্তানের আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ে মার্শাল খান নামের এক ছাত্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মাবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় দেশটির ধর্মাবমাননা বিষয়ক আইন সংশোধনের আহ্বান জানানো হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার সামাজিক মাধ্যমে ধর্মাবমাননা বিষয়ক সামাজিক মাধ্যম ও ওয়েবসাইট ব্লক করার হুমকি দেয়ার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নেমেছে।