শ্রীমঙ্গল থেকে প্রশ্ন ফাঁসকারী চক্রের ৪ সদস্য আটক

527

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তনসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র দাশের নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিরাইমপুর বাবলা স্কুল রোড এলাকার আলী সাহেবের বাড়ির সামনে থেকে তাদের আটক করে।

আটক চার জন হলো- বিরাইমপুর গ্রামের মকবুল আলীর ছেলে মো. শওকত হোসেন (১৯) ও সৌরভ হোসেন (২১), শ্যামলী আবাসিক এলাকার মো. আব্দুল মালেকের ছেলে আব্দুল কাদির (১৭) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের কুদ্দুম মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান জানান- গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখা গেছে এরা দীর্ঘদিন থেকে এসএসসি, এইচএসসি ও পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি তাদের ফেসবুক আইডি ঘেঁটে অনেক শিক্ষার্থীর মার্কশীট ও সনদপত্রের কপি পাওয়া গেছে।

এছাড়া তাদের মোবাইলফোনের মাধ্যমে সিলেটসহ বিভিন্ন জেলায় মেসেঞ্জার, ভাইভার, ওয়াটসআপের মাধ্যমে প্রশ্নপত্র আদানপ্রদানের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর এ কর্মকর্তা।

তিনি বলেন, আটককৃতরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে ফাঁসকৃত প্রশ্ন ও প্রশ্নের উত্তর অর্থের বিনিময়ে বিক্রি করে থাকে। এসব অপকর্মের নমুনাও তাদের কাছে পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উদ্ধারকৃত আলামতসহ আটককৃততদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।