৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরি হওয়ার কথা স্বীকার ফেসবুকের

1123

আন্তর্জাতিক ডেস্ক: কেমব্রিজ অ্যানালাইটিকার মাধ্যম ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য বেহাত হয়েছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে তথ্যটি ফাঁসকারী ক্রিস্টোফার উইলি জানিয়েছিলেন, ৫ কোটি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে। এবার নতুন সংখ্যা প্রকাশ করলো ফেসবুক নিজেই। একইসঙ্গে পরবর্তীতে যেন এমন না হয় সেজন্য নীতিতে বেশ কিছু পরিবর্তন আনারও ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বেহাত হওয়া ৮ কোটি ৭০ লাখের মধ্যে ১১ লাখ গ্রাহেই যুক্তরাজ্যের। ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘আমাদের অবশ্যিই আরও কিছু করা উচিত এবং আমরা করছি।’

ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফারের ব্লগে প্রকাশ করার পর নতুন এই তথ্য উঠে আসে।

ফেসবুক তথ্য বেহাত নিয়ে যে আলোচনার মূলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কোগানের একটি অ্যাপ, যার নাম ছিল ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’। সরাসরি ২ লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারী ওই অ্যাপের ব্যবহারকারী হলেও অ্যাপটি ব্যবহারকারীদের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছিল। অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৯৭% যুক্তরাষ্ট্রে বসবাসকারী। মোট ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১ কোটি ৬০ লাখ যুক্তরাষ্ট্রের বাইরের।

যুক্তরাজ্যের তথ্য কমিশনের একজন মুখপাত্র বিবিসিকে জানান, কোনও পদক্ষেপ নেওয়ার আগে তারা এই বিষয়ের তথ্য-প্রমাণাদি নিয়ে আরও যাচাই করবে।

এই কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুক। কর্তৃপক্ষ জানতেন, যে ক্যামব্রিজ অ্যানালিটিকা লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করছে। কিন্তু লন্ডন ভিত্তিক সংস্থাটি সেসময় দাবী করে যে তারা সেসব তথ্য মুছে দিয়েছে। এই বক্তব্যের উপর বিশ্বাস করে ফেসবুক।

চ্যানেল ফোর নিউজের প্রতিবেদন অনুযায়ী ফাঁস হয়ে যাওয়া কিছু তথ্য এখনো পাওয়া যাচ্ছে। যদিও ক্যামব্রিজ অ্যানালিটিকা বলছে তারা তাদের কাছে থাকা তথ্য নষ্ট করে দিয়েছে।

গ্রাহকের অজ্ঞাতে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশে তাদের তথ্য ব্যাবহার করার এই খবর ছড়িয়ে পড়লে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে ব্রিটিশ সংসদে তলব করা হয়। ১১ই এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব কমন্স’এ এই বিষয়ে নিজের যুক্তি তুলে ধরবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

এ বিষয়ে তাদের ভুল হয়েছিল স্বীকার করেন জাকারবার্গ। গ্রাহকদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাবার এই ঘটনাটিকে ‘গ্রাহকদের সাথে বিশ্বাসভঙ্গ’ করার সামিল বলে ফেসবুকে দেওয়া বিৃবতিতে মন্তব্য করেছিলেন তিনি।

ফেসবুকের পদক্ষেপ

বিভিন্ন অ্যাপ ভবিষ্যতে যেন ফেসবুককে ব্যবহার করে গ্রাহকদের তথ্য সহজে হাতিয়ে নিতে না পারে সেজন্য সামনের দিনগুলোতে ফেসবুক কর্তৃপক্ষ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা স্ক্রফার ফেসবুকের নিতে যাওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

** ফোন নম্বর বা ইমেইল অ্যাড্রেস দিয়ে খোজ করে কোনো ব্যক্তিকে যেন খুঁজে না পাওয়া যায় সেবিষয়ে পদক্ষেপ। ফেসবুক বলছে এই পদ্ধতি অনুসরণ করে এর আগে অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে।

** কোনো অ্যাপের মাধ্যমে কোনো ইভেন্ট পেইজের অতিথিদের তালিকা বা ঐ পেইজের মেসেজ দেখা যাবে না

**মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ভার্সন ও ফেসবুক লাইট ব্যবহার করে করা ফোন কল ও মেসেজ হিস্টরি একবছরের বেশী সেইভ করা থাকবে না এমন প্রতিশ্রুতি। কোন সময় ফোন কল করা হয়েছে সেই তথ্যও সেইভ করা থাকবে না।

**ব্যবহারকারীদের নিউজ ফিডে আগামী সপ্তাহ থেকে একটি লিঙ্ক দেখা যাবে । তারা কি কি অ্যাপ ব্যবহার করে সেগুলো পর্যালোচনা করে কি তথ্য প্রকাশিত হচ্ছে সেবিষয়ে ব্যবহারকারীদের জানানো হবে।