ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো প্রমাণ করবে তারা আর কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর বেগম খালেদা জিয়ার মত দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদেরকে বোকা ভাবারও সুযোগ নেই।’
হানিফ বলেন, ‘দুর্নীতির দায়ে ইতোমধ্যেই তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা সাজাপ্রাপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের জনগণ এতিমদের টাকা আত্মসাৎকারী এবং দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা এখন বর্তমান বিশ্বের সততা ও দক্ষতার দিক দিয়ে প্রথম তিনজনের একজন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।















