জেনে নিন চ্যাম্পিয়নস ট্রফির নানা দিক

720

খেলাধুলা ডেস্ক: মাত্র দু’দিন পরই মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ক্রিকেটের পিতৃভূমি খ্যাত ইংল্যান্ডে বসছে এ টুর্নামেন্টের অষ্টম আসর। এ নিয়ে তৃতীয়বার ইংলিশ কন্ডিশনে হতে যাচ্ছে মর্যাদাকর টুর্নামেন্টটি। সেরাদের এ লড়াইয়ে তৃতীয়বার অংশ নিচ্ছে বাংলাদেশ। লন্ডনের ওভালে ১ জুন বাংলাদেশ-স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। জেনে নিন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নানা দিক।

বলা হয়ে থাকে ক্রিকেটে এলিটদের লড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অষ্টম আসরে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ আট দল। এর মধ্যে না থাকায় এবারের আসরে অংশ নিতে পারছে না এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ।

নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৮ সালে ঢাকায় আইসিসি নকআউট টুর্নামেন্ট নামে যাত্রা শুরু এ প্রতিযোগিতার। যা মিনি বিশ্বকাপ নামে খ্যাতি লাভ করে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসা ওই আসরে টেস্ট স্ট্যাটাস না পাওয়ায় খেলা হয়নি স্বাগতিক বাংলাদেশের। ওই আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র আইসিসি টুর্নামেন্টে শিরোপার স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা।

২০০৬ সাল পর্যন্ত ২ বছর পর পর হয় এ প্রতিযোগিতা। ২০০৮ সালে নিরাপত্তার কারণে কয়েকটি দেশ পাকিস্তানে যেতে অনীহা জানানোয় পরের বছর দক্ষিণ আফ্রিকায় বসে আসরটি। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার মানসে চ্যাম্পিয়নস ট্রফিকে বাতিলের খাতায় ফেলে দেয় আইসিসি। কিন্তু অপারগ হয়ে ৪ বছর পর পর এ টুর্নামেন্ট বসনোর সিদ্ধান্ত জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই হিসাবে ২০১৩ সালের পর আবার হাজির এ টুর্নামেন্ট।

আগের ৭ আসরে ৬টি আলাদা চ্যাম্পিয়ন পেয়েছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ও ভারত ২বার এবং ১বার করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ২বার ফাইনালে উঠেও শিরোপায় হাত বুলাতে পারেনি ইংল্যান্ড। আর ফাইনালেই উঠতেই পারেনি পাকিস্তান।

আইসিসি নতুন টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করায় ২০২১ সালে এর নবম আসর না হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তাই এবার পারবে কি নতুন কোনো দল নিজেদের নাম খোদাই করতে; নাকি পুরনোরাই ছড়ি ঘোরাবে। উত্তরটা জানা যাবে ১৮ জুন।