ঢাকা সংবাদদাতা: মিথ্যা অপহরণের মামলা করার অভিযোগে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এ মামলা দাখিল করেন। এই দম্পতির বিরুদ্ধে দ-বিধির ১০৯ ও ২১১ ধারায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
ফরহাদ মজহার ও তার স্ত্রী বিরুদ্ধে গত ৭ই ডিসেম্বর বিকালে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম মামলার অনুমতি দেন। ঢাকা মহানগর পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো: মো আনিসুর রহমান গতকাল মামলার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আদালতে নন এফআইআর মামলা দাখিল করেছেন। আদালত তা আমলে নিয়েছেন।
উল্লেখ্য, গত ৩রা জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর বাসার কয়েকগজ দূর থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। সোমবার রাতে র্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের একটি দল তাকে ঢাকার মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেয়ার জন্য তাকে ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়েছিল।
সূত্র: মানবজমিন















