অসুস্থতায় আর্থিক সহায়তা দিচ্ছে ডিডব্লিউপি, কারা পাবেন ?

15

সাইফ হাসান: যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি এমন ১৭৮টি শারীরিক ও মানসিক রোগের তালিকা নিশ্চিত করেছে, যেগুলোর জন্য নাগরিকরা প্রতি চার সপ্তাহে সর্বোচ্চ ৭৪৮ পাউন্ড পর্যন্ত ভাতা পেতে পারেন। গত ১৭ নভেম্বর প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট বা পিআইপি সুবিধা পাচ্ছেন। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা বা প্রতিবন্ধকতার কারণে যাদের দৈনন্দিন কাজে বাড়তি সহায়তার প্রয়োজন হয়, তাদের আর্থিক চাপ কমাতেই এই ভাতা দেওয়া হয়। তবে শুধু রোগ শনাক্ত হলেই এই অর্থ মিলবে না, বরং রোগটি ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ও চলাফেরায় কতটা প্রভাব ফেলছে তা যাচাই করেই ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়।

ডিডব্লিউপি জানিয়েছে, পিআইপি ভাতাটি মূলত দৈনন্দিন জীবনযাপন এবং চলাফেরার সক্ষমতা—এই দুটি আলাদা অংশে ভাগ করে দেওয়া হয়। দৈনন্দিন জীবনযাপন অংশে সাধারণ হারে সপ্তাহে ৭৬ দশমিক ৫৫ পাউন্ড এবং বর্ধিত হারে ১১৪ দশমিক ৮০ পাউন্ড পাওয়া যায়। অন্যদিকে চলাফেরার সমস্যার ক্ষেত্রে সাধারণ হারে সপ্তাহে ৩০ দশমিক ২০ পাউন্ড এবং বর্ধিত হারে ৮০ দশমিক ১০ পাউন্ড বরাদ্দ রয়েছে।

কোনো আবেদনকারী যদি উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ হারের ভাতার যোগ্য বিবেচিত হন, তবে তিনি প্রতি সপ্তাহে প্রায় ১৮৭ পাউন্ড করে পাবেন। সেই হিসেবে প্রতি চার সপ্তাহ অন্তর তার অ্যাকাউন্টে প্রায় ৭৪৮ পাউন্ড জমা হবে। এই ভাতা পাওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ডের কোনো বাধ্যবাধকতা নেই এবং আবেদনকারীর আয়, সঞ্চয় বা চাকরির অবস্থার ওপরও এটি নির্ভর করে না।

ভাতা পাওয়ার জন্য আবেদনকারীর শারীরিক বা মানসিক জটিলতা অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে এবং ১২ মাসের মধ্যে অর্ধেকের বেশি সময় ধরে এই সমস্যা বিদ্যমান থাকতে হবে। প্রকাশিত ১৭৮টি রোগের তালিকায় বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, স্নায়বিক ব্যাধি, আর্থ্রাইটিস, হাঁপানি, দৃষ্টি ও শ্রবণশক্তির সমস্যা এবং দীর্ঘস্থায়ী ব্যথার মতো শারীরিক জটিলতা অন্তর্ভুক্ত রয়েছে।

শারীরিক রোগের পাশাপাশি উদ্বেগ, বিষণ্ণতা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং ওসিডির মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, মিশ্র উদ্বেগ ও বিষণ্ণতাজনিত রোগে আক্রান্ত চার লাখ ৪২ হাজারের বেশি এবং অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত তিন লাখ সাত হাজারের বেশি মানুষ বর্তমানে এই সরকারি সহায়তা গ্রহণ করছেন।

#যুক্তরাজ্য #সরকারিভাতা #স্বাস্থ্যসংবাদ #aknews #onebanglanews