সাইফ হাসান: যুক্তরাজ্যে আগামী কর বছরের শুরু থেকে স্টেট পেনশনভোগী দম্পতিরা সপ্তাহে সর্বোচ্চ ৩৭৭ দশমিক ৪০ পাউন্ড পর্যন্ত ভাতা পাবেন। অটাম বাজেটের পর ট্রিপল লক নীতির আওতায় পেনশন ও সংশ্লিষ্ট অন্যান্য ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পেনশন বিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন পার্লামেন্টে নিশ্চিত করেছেন যে আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হবে। এর ফলে স্বল্প আয়ের প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় মেটাতে বড় ধরনের আর্থিক সহায়তা মিলবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ট্রিপল লক ব্যবস্থার অধীনে স্টেট পেনশনের পরিমাণ ৩ দশমিক ৯ শতাংশ বাড়ানো হচ্ছে। চলতি বছরে মজুরি বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ হওয়ায় এটি মুদ্রাস্ফীতির ৩ দশমিক ৫ শতাংশ এবং ন্যূনতম ২ দশমিক ৫ শতাংশের সীমাকে ছাড়িয়ে গেছে। এর ফলে পূর্ণ ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ড থাকা ব্যক্তিদের মধ্যে যারা ২০১৬ সালের ৬ এপ্রিলের আগে অবসরে গেছেন তাদের বেসিক স্টেট পেনশন বছরে ৩৭৫ পাউন্ড এবং নতুন স্টেট পেনশন বছরে ৪৯০ পাউন্ড বাড়বে।
এছাড়া স্বল্প আয়ের পেনশনভোগীদের জন্য পেনশন ক্রেডিটের পরিমাণও ২০২৭ সালের এপ্রিল থেকে ৩ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়েছে, যা বছরে সর্বোচ্চ প্রায় ৪৮৩ পাউন্ড অতিরিক্ত আয় যোগ করবে। নতুন নিয়মে একক পেনশনভোগীরা সপ্তাহে সর্বোচ্চ ২৪৭ দশমিক ৩০ পাউন্ড এবং দম্পতিরা সপ্তাহে সর্বোচ্চ ৩৭৭ দশমিক ৪০ পাউন্ড পর্যন্ত পাবেন। যাদের পেনশন ছাড়া সঞ্চয় বা সম্পত্তি থেকে তেমন কোনো বাড়তি আয় নেই, তাদের আয়কে পূর্ণ নতুন স্টেট পেনশনের কাছাকাছি নিয়ে যেতেই এই সুবিধা দেওয়া হয়।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পেনশন বিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানান, গড় সাপ্তাহিক আয়ের সাথে সামঞ্জস্য রেখে পেনশন ক্রেডিটের ন্যূনতম গ্যারান্টি ৩ দশমিক ৯ শতাংশ বাড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, দরিদ্রতম পেনশনভোগীদের আয় সুরক্ষিত রাখতেই এপ্রিল থেকে এককদের জন্য ২৪৭ দশমিক ৩০ পাউন্ড এবং দম্পতিদের জন্য ৩৭৭ দশমিক ৪০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভোক্তা মূল্যসূচকের বৃদ্ধির সাথে মিল রেখে অন্যান্য সরকারি ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়ানো হবে। এর মধ্যে কর্মক্ষম বয়সী নাগরিকদের ভাতা, প্রতিবন্ধী সহায়তা ভাতা, স্ট্যাচুটরি সিক পে, মাতৃত্বকালীন ভাতা, অতিরিক্ত স্টেট পেনশন এবং পেনশন ক্রেডিট সেভিংস ক্রেডিটের সর্বোচ্চ সীমা অন্তর্ভুক্ত রয়েছে।
#যুক্তরাজ্যসংবাদ #পেনশন #সরকারিভাতা #aknews #onebanglanews















