জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ না করার পরামর্শ

11

সাইফ হাসান: প্রচণ্ড তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীদের ট্রেন ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের চিলটার্ন রেলওয়ে। অতিরিক্ত গরমে ট্রেন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে সংস্থাটি আগাম সতর্কতা জারি করেছে। দিনজুড়ে ট্রেনের সময়সূচি কমিয়ে আনা হয়েছে এবং অপ্রয়োজনীয় যাত্রা বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। যারা ভ্রমণ বাতিল করবেন, তাদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভ্রমণরত যাত্রীদের প্রয়োজনীয় পানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান চিলটার্ন রেলওয়ে বৃহস্পতিবার ১৩ আগস্টের জন্য যাত্রীদের বিশেষ সতর্কতা জারি করেছে। তীব্র তাপপ্রবাহের কারণে রেললাইনে সমস্যা তৈরি হতে পারে বিধায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমিত আকারে ট্রেন চালানো হবে। বিশেষ করে লন্ডন মেরিলেবোন ও বার্মিংহাম মুর স্ট্রিটের মধ্যে প্রতি ঘণ্টায় একটি করে অফ-পিক ট্রেন চলাচল করবে।

চিলটার্ন রেলওয়ের কর্মকর্তা মাইকেল স্টুয়ার্ট জানান, অত্যন্ত গরম আবহাওয়ার পূর্বাভাস থাকায় নেটওয়ার্কে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা কঠিন। যাত্রীদের যাতায়াত সহজ করতে এবং সবচেয়ে গরম সময়ে শিডিউল ঠিক রাখতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া এ সময়ে ভ্রমণ না করা এবং যাত্রীদের পর্যাপ্ত পানি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন।

সাময়িক এই ব্যবস্থার অংশ হিসেবে লন্ডন মেরিলেবোন থেকে অক্সফোর্ডগামী কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া বার্মিংহাম স্নো হিল থেকে সকাল ১০টা ১৫ মিনিটের পর এবং লিমিংটন স্পা থেকে বার্মিংহাম মুর স্ট্রিটের শাটল সেবা সকাল ১১টার পর বন্ধ থাকবে। যাদের কাছে বৃহস্পতিবারের টিকিট রয়েছে, তারা চাইলে শুক্রবার ১৪ আগস্ট বা শনিবার ১৫ আগস্ট ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা ভ্রমণ বাতিল করতে চাইলে কোনো অতিরিক্ত ফি ছাড়াই তাদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। যেখান থেকে টিকিট কেনা হয়েছিল, সেখান থেকেই টাকা ফেরত পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে চিলটার্ন রেলওয়ে। চরম আবহাওয়ায় যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #রেলসেবা #তাপপ্রবাহ