ভারত ভ্রমণের পর ৪২ বছর বয়সী ব্রিটিশ নারী লাউরি ডেনম্যানের মস্তিষ্কে ৩৮টি পরজীবী শনাক্ত হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের কার্ডিফের বাসিন্দা ডেনম্যানের ধারণা, ভ্রমণকালে অজান্তে টেপওয়ার্মের ডিম দ্বারা দূষিত খাবার গ্রহণের ফলে তিনি নিউরোসিস্টিসারকোসিস নামের একটি বিরল পরজীবীজনিত রোগে আক্রান্ত হন। এই রোগে পরজীবীর লার্ভা মস্তিষ্কে প্রবেশ করে সিস্ট তৈরি করতে পারে, যা গুরুতর স্নায়বিক জটিলতার কারণ হতে পারে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলেও ডেনম্যানের শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তিনি বারবার খিঁচুনি, তীব্র মাথাব্যথা, বিভ্রম, অস্বাভাবিক সন্দেহপ্রবণতা এবং মানসিক ভারসাম্যহীনতার মতো জটিল উপসর্গে ভুগতে থাকেন। একপর্যায়ে তার অবস্থার অবনতি এতটাই হয় যে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়।
এই ঘটনার পর ডেনম্যান ভ্রমণের সময় খাদ্য ও পানীয় গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, নিউরোসিস্টিসারকোসিস বিরল হলেও যথাযথ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিকভাবে রান্না করা খাবার গ্রহণের মাধ্যমে এ ধরনের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।















