আ.লীগে যোগদান করে ঢাকা দক্ষিণ সিটিতে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছিল বরখাস্তকৃত গোলাম কিবরিয়া

479

ঢাকা সংবাদদাতা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সোমবার (১ জুন) বরখাস্ত করা হয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সময় বিএনপিপন্থী অনেক কর্মকর্তাকে যেখানে বরখাস্ত করা হয়েছিল সেখানে কিবরিয়ার প্রমোশন ও ক্ষমতার অপব্যবহার কেউ ঠেকাতে পারেনি।
কারণ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পর আওয়ামী লীগ নেতা নানকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করে গোলাম কিবরিয়া। এরপর থেকে সাঈদ খোকন ও তাপসের দীর্ঘ সময়ে তাদের অন্যতম লুটপাটের সহযোগী হয়ে ওঠে কিবরিয়া।

অবৈধ মেয়র তাপসের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকে থাকা বিএনপি র কর্মকর্তাদের একটা লিস্ট তাপসের হাতে তুলে দিয়েছিল এই কিবরিয়া। তার এই চক্রান্তের ফলে শত শত বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করে মেয়র তাপস।
৫ আগস্টের পর কিছুসংখ্যক চাকরিতে ফিরে আসলেও শতশত বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারী তাদের চাকুরী ফিরে পেতে এখনো আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে।

বরখাস্তকৃত ডিএসসিসির এই নির্বাহী প্রকৌশলী বিগত সাড়ে ১৮ বছর এত পরিমাণ দুর্নীতি করেছে যে, বিশাল পরিমাণ টাকা তার কাছে একটা সংখ্যা মাত্র।

শুধু আওয়ামী লীগের দীর্ঘ সময় নয়। ৫ আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টার সাথে হাত মিলিয়ে ২০২৬ এর জাতীয় নির্বাচন পর্যন্ত লুটপাটে মহাব্যস্ত সময় কাটে গোলাম কিবরিয়ার।

তার বরখাস্তের আদেশে বলা হয়, গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

তদন্তাধীন অভিযোগগুলোর মধ্যে রয়েছে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়। এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত রাখা হবে।