টাইব্রেকারে গন্সালো রামোস ও গিওকেরেস প্রথম শটেই গোল করেন। দুয়ে পিএসজির দ্বিতীয় শটেও সফল। এবেরেচি এজে গোলপোস্টের বাইরে দিয়ে মেরে আর্সেনালকে হতাশায় ভাসান। মেন্দেসকে রায়া রুখে দিয়ে তাদের ম্যাচে ফেরান। ডেকলান রাইস লক্ষ্যভেদ করেন। হাকিমি ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে জাল কাঁপান। মার্তিনেলিও জালের দেখা পান। লুকাস বেরালদি পিএসজির হয়ে চতুর্থ গোল করেন। মাগালহায়েস ক্রসবারের উপর দিয়ে বল মারলে শিরোপা জয়ের আনন্দে ভাসে পিএসজি।
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতে খরা কাটিয়েছে আর্সেনাল। কিন্তু ২০০৬ সালের পর প্রথম ফাইনালে উঠে প্রথম ইউরোপীয় মুকুট জেতার অপেক্ষাটা আরও লম্বা হলো।
ঠিক ২০ বছর আগে বার্সেলোনার বিপক্ষে তাদের খেলা একমাত্র ফাইনালের মতোই আর্সেনাল এবারও শুরুতেই লিড নিয়েছিল। মার্কিনহোসের একটি ক্লিয়ার করার চেষ্টা আর্সেনাল উইঙ্গার লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে প্রতিহত হয়ে কাই হাভার্টজের সামনে চলে আসে। তিনি প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে একা দৌড়ে যান এবং একটি দুরূহ কোণ থেকে জোরালো শটে বল জালের ছাদে জড়ান।















