নিষেধাজ্ঞা ঝুঁকিতে অ্যাপল: যুক্তরাজ্যে সহযোগী প্রতিষ্ঠানের জরিমানা

68

মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের একটি সহযোগী প্রতিষ্ঠানকে যুক্তরাজ্য সরকার ৩ লাখ ৯০ হাজার পাউন্ড জরিমানা করেছে।

আয়ারল্যান্ডভিত্তিক অ্যাপল ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল (ADI) যুক্তরাজ্যের একটি ব্যাংককে নির্দেশ দিয়েছিল রাশিয়ার একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দুটি অর্থপ্রদান করতে। এই কোম্পানিটি একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল।

মোট ৬ লাখ ৩৫ হাজার পাউন্ডের বেশি অর্থ যুক্তরাজ্যভিত্তিক ADI ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্ট্রিমিং সেবা ‘ওক্কো’-তে পাঠানো হয়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অ্যাপল পণ্য বিক্রির দায়িত্বে রয়েছে ADI, যার মধ্যে আইফোন নির্মাতার অ্যাপ স্টোরও অন্তর্ভুক্ত।

এই জরিমানা আরোপ করে যুক্তরাজ্যের ট্রেজারির অংশ এবং নিষেধাজ্ঞা তদারকি সংস্থা অফিস অব ফিনান্সিয়াল স্যাংশনস ইমপ্লিমেন্টেশন (OFSI)।

সংস্থাটি জানায়, “সম্ভাবনার ভারসাম্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে এই অর্থপ্রদানের মাধ্যমে ADI আর্থিক নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করেছে, তাই জরিমানা আরোপ করা হয়েছে।”

২০১৮ সালে রাশিয়ার বৃহত্তম ব্যাংক সবারব্যাংক ‘ওক্কো’ কিনেছিল। কিন্তু ২০২২ সালের শুরুতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি ‘জেএসসি নিউ অপারচুনিটিজ’ নামে একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়, যাকে ২০২২ সালের জুনে যুক্তরাজ্য নিষেধাজ্ঞার আওতায় আনে। ওই বছরের জুন ও জুলাই মাসে ওক্কোতে অর্থপ্রদান করা হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবারব্যাংক ছিল প্রথম দিকের রুশ কোম্পানিগুলোর একটি, যাকে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করে।

মার্কিন থিঙ্কট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস জানায়, নিষেধাজ্ঞাপ্রাপ্ত সবারব্যাংকের পক্ষ থেকে ‘অপরিচিত’ একটি কোম্পানির কাছে ওক্কো বিক্রি করা সম্ভবত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা ছিল। জেএসসি নিউ অপারচুনিটিজ ২০২২ সালের মার্চে তৈরি করা হয়েছিল।

OFSI জানায়, ADI স্বেচ্ছায় এই অর্থপ্রদানের বিষয়টি প্রকাশ করেছিল এবং সমঝোতা আলোচনার পর জরিমানা নির্ধারণ করা হয়। সংস্থাটি আরও জানায়, ওই সময়ে ADI-এর সন্দেহ করার মতো কারণ ছিল না যে এই অর্থপ্রদান নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।

OFSI আরও জানায়, যদিও কিছু সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল ওক্কো একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির মালিকানাধীন, তবে ADI সে তথ্য জানত এমন প্রমাণ নেই।

সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করলে বিদেশি কোম্পানিও নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে পারে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী যাচাই-বাছাই ব্যবস্থা রাখতে হবে এবং তৃতীয় পক্ষের নিষেধাজ্ঞা যাচাই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।

অ্যাপলের একজন মুখপাত্র বলেন, “আমরা যেসব দেশে কাজ করি সেসব দেশের আইন মেনে চলি এবং নিষেধাজ্ঞা মানাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি।

দুটি অর্থপ্রদান এমন এক ডেভেলপারের কাছে গেছে, যিনি কয়েক দিন আগেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন—এটি শনাক্ত করার পর আমরা দ্রুত যুক্তরাজ্য সরকারকে জানিয়েছি। শিল্পমান অনুযায়ী আমাদের শক্তিশালী নিয়ম মেনে চলার ব্যবস্থাকে আরও উন্নত করতে আমরা নিয়মিত কাজ করছি।”