ঢাকা সংবাদদাতা: রাজধানীর মহাখালী থেকে পুলিশ সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজনকে নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা বলছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
তিনি বলেন, “গ্রেপ্তার তিনজনের মধ্যে আবদুস সামাদ নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা। সাংগঠনিকভাবে সে আরিফ মামু বা আশিক নামও ব্যবহার করত।”
গ্রেপ্তার অন্য দুইজনের নাম বা ওই তিনজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেননি উপ-কমিশনার মাসুদ। তিনি বলেন, অভিযানে একটি পিস্তল, গুলি ও প্রায় ২০০ ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।















