লন্ডনে হোমলেস পরিবারদের ভয় দেখিয়ে উচ্ছেদের গুরুতর অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে

149

সাইফ হাসান: লন্ডনের ল্যাম্বেথ কাউন্সিলের বিরুদ্ধে হোমলেস পরিবারদের ভয় দেখানো এবং জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে। খরচ কমানোর অজুহাতে কাউন্সিল কর্তৃপক্ষ অসহায় পরিবারগুলোকে লন্ডনের বাইরে পাঠানোর জন্য আকস্মিক হানা দিচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আবাসন সংকটের দোহাই দিয়ে পাঠানো এসব নোটিশ ও চাপে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। অধিকার কর্মীরা এই পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও পীড়াদায়ক বলে আখ্যায়িত করেছেন।

হাউজিং অ্যাকশন সাউথওয়ার্ক অ্যান্ড ল্যাম্বেথ (HASL) নামের একটি সংগঠন অভিযোগ করেছে যে, কাউন্সিলের কর্মকর্তারা কোনো আগাম নোটিশ ছাড়াই হোমলেস পরিবারগুলোর বাসায় উপস্থিত হচ্ছেন। অনেক পরিবারকে ইমেইলের মাধ্যমে জানানো হচ্ছে যে তাদের লন্ডনের বাইরে এমনকি ডোভারের মতো দূরবর্তী এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। সংগঠনটির মতে, কাউন্সিলের এমন আচরণ পরিবারগুলোর মধ্যে তীব্র মানসিক চাপ ও ভীতি তৈরি করেছে।

ল্যাম্বেথ কাউন্সিল জানিয়েছে, গত দুই বছরে তাদের অধীনে থাকা হোমলেস পরিবারের সংখ্যা ৫০ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। অস্থায়ী আবাসনের খরচ বছরে ১০ কোটি পাউন্ডে পৌঁছানোয় তারা বড় ধরণের বাজেট ঘাটতির মুখে পড়েছে। এই খরচ সামাল দিতেই তারা অনেক পরিবারকে প্রাইভেট ভাড়া বাসায় বা বারোর বাইরে স্থানান্তর করার নীতি গ্রহণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী জানান, তাকে ব্যক্তিগতভাবে বাসা খুঁজে নেওয়ার জন্য মাত্র ৫৬ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে যা অসম্ভব। আরেক বাসিন্দা বলেন, হাউজিং গ্রুপের এলিজাবেথ ওয়ায়াটের সহায়তা না থাকলে আমি ভয়ে হয়তো হার্ট অ্যাটাক করতাম। আট বছর অপেক্ষার পর এখন আমাকে বলা হচ্ছে লন্ডনের বাইরে চলে যেতে কারণ এখানে থাকা নাকি অনেক ব্যয়বহুল।

কাউন্সিলের ডেপুটি লিডার ড্যানি আদিলিপুর অবশ্য দাবি করেছেন যে তারা মানবিক দিক বিবেচনা করেই কাজ করছেন। তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আবাসনের সংকট এত তীব্র যে সবাইকে স্থানীয়ভাবে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অধিকার কর্মীরা বলছেন, কাউন্সিলের এই নতুন নীতি হোমলেস অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং মানুষদের আরও বিপদে ফেলছে।

#LondonNews #LambethCouncil #HomelessCrisis #HousingCrisis #aknews #onebanglanews