ভয়ঙ্কর ফেরি যাত্রা, ঝড়ে যাত্রী আ*ঘাত ও ব্যাপক ক্ষতি

216

সাইফ হাসান: লিভারপুল থেকে আইল অফ ম্যানে যাওয়ার পথে একটি ফেরি ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছে। মানান্নান নামের এই দ্রুতগতির ফেরিটির ভেতরে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন যাত্রী আ*ঘাত পেয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা ক্রুদের ভূমিকার প্রশংসা করেছেন। ফেরি অপারেটর এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় লিভারপুল থেকে মানান্নান ফেরিটির নির্ধারিত যাত্রার সময়। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি এমনিতেই দেরিতে ছেড়েছিল। একজন যাত্রী ফেসবুকে এই অভিজ্ঞতাকে ‘ভয়ঙ্কর তাণ্ডব’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, ঝড়ের তাণ্ডবে জাহাজের সিলিং প্যানেল পর্যন্ত খসে পড়েছিল।

ফেরি অপারেটর স্টিম প্যাকেট জানিয়েছে, আইরিশ সাগরে ২.৭ মিটার (৮.৯ ফুট) ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা জাহাজের জন্য সহনশীল ছিল। কিন্তু বাস্তব পরিস্থিতি পূর্বাভাসের চেয়ে “উল্লেখযোগ্যভাবে খারাপ” ছিল। আরেক যাত্রী বলেন, তিনি জীবনে এতো ভয়ঙ্কর ফেরি পারাপারের অভিজ্ঞতা পাননি এবং অনেকেই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে তিনি ক্রুদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা পরিস্থিতি সামলাতে নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন।

ফেরিটি তার গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় চার ঘণ্টা দেরি করে রাত ২টায় পৌঁছায়। অপারেটর আরও জানায়, যাত্রাপথে একটি ইঞ্জিন থেকে ধোঁয়ার সংকেত পাওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা দেরির অন্যতম কারণ। স্টিম প্যাকেটের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান থমসন আহত যাত্রী ও ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্রুদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

#ফেরি #যুক্তরাজ্য #আইলঅফম্যান #দুর্ঘটনা #আবহাওয়া