পিটারবোরোর মসজিদে নামাজের সময় বিশৃঙ্খলা, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

66

সাইফ হাসান: ইংল্যান্ডের পিটারবোরোতে একটি মসজিদে নামাজের সময় ঢুকে বিশৃঙ্খলা ও গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে আলমা রোড মসজিদে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি ধর্মীয় হয়রানি এবং পুলিশকে আঘাত করার অভিযোগ স্বীকার করেছেন। তবে তিনি বর্ণবাদী হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তাকে জামিন দেওয়া হলেও মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পিটারবোরোর আলমা রোড মসজিদে নামাজের সময় এক ব্যক্তি প্রবেশ করে। সে সেখানে মুসল্লিদের সঙ্গে বিশৃঙ্খল আচরণ করে এবং গালিগালাজ করতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ওই ৫৭ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্মীয়ভাবে হয়রানি, জরুরি সেবাকর্মীকে (পুলিশ) আঘাত, বর্ণবাদী হয়রানি এবং বর্ণবাদী আচরণের অভিযোগে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি প্রথম দুটি অভিযোগ স্বীকার করলেও বর্ণবাদী আচরণের অভিযোগগুলো অস্বীকার করেছেন।

আদালত তাকে জামিন দিয়েছেন, তবে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, তিনি কোনো কারণেই ওই মসজিদে প্রবেশ করতে পারবেন না। আগামী ২৬ নভেম্বর তাকে পিটারবোরো ম্যাজিস্ট্রেট কোর্টে আবার হাজির হতে হবে।

কেমব্রিজশায়ার পুলিশের সুপারিনটেনডেন্ট বেন মার্টিন বলেছেন, এই ঘটনার পর শহরের মসজিদগুলোর আশেপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মুসল্লিদের আশ্বস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা আগামী কয়েকদিন বলবৎ থাকবে।

#পিটারবোরো #মসজিদ #ইংল্যান্ড #গ্রেপ্তার