সাইফ হাসান: যুক্তরাজ্যের একটি কারাগারে নারী কারারক্ষীর সঙ্গে এক কয়েদির যৌন সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৯ বছর বয়সী ওই নারী কারারক্ষী এবং ৩০ বছর বয়সী কয়েদিকে আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং কারাগারে অবৈধভাবে ছবি পাঠানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি দেশটির অন্যতম বৃহৎ কারাগার এইচএমপি ফাইভ ওয়েলসে ঘটেছে বলে জানা গেছে।
সোমবার নর্দাম্পটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ বছর বয়সী অ্যালিসিয়া নোভাস এবং ৩০ বছর বয়সী ডেক্লান উইংকলিসকে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এইচএমপি ফাইভ ওয়েলস কারাগারে সরকারি দায়িত্বে থেকেও গুরুতর অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, কারারক্ষী হিসেবে অ্যালিসিয়া নোভাস জনগণের আস্থার অপব্যবহার করেছেন। তিনি কয়েদি উইংকলিসকে নিজের ফোন নম্বর দেন, তার কাছে থাকা অবৈধ ফোন ও গাঁজার বিষয়ে কর্তৃপক্ষকে জানাননি এবং তার সাথে যৌন সম্পর্কে জড়ান। এছাড়া, কারাগারের তদন্ত সম্পর্কে উইংকলিসকে তথ্য দিয়েও তিনি সাহায্য করেন বলে অভিযোগ রয়েছে।
দুজনের বিরুদ্ধে এইচএমপি পিটারবোরো কারাগার থেকে অবৈধভাবে ইলেকট্রনিক ছবি পাঠানোরও অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কারাগারে গাঁজা এবং দুটি মোবাইল ফোন সরবরাহ করার অভিযোগও আনা হয়েছে। উইংকলিসের বিরুদ্ধে কারাগারে অবৈধভাবে সিম কার্ডসহ মোবাইল ফোন রাখার একটি পৃথক অভিযোগও রয়েছে।
আদালতে হাজিরা দেওয়ার সময় কেউই নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করেননি। বিচারক মামলাটি আগামী ১ ডিসেম্বর নর্দাম্পটন ক্রাউন কোর্টে শুনানির জন্য পাঠান। অ্যালিসিয়া নোভাসকে জামিন দেওয়া হলেও, তাকে উইংকলিস বা অন্য কোনো কারাবন্দীর সাথে যোগাযোগ না করার মতো কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।















