সাইফ হাসান: মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে কিশোরীদের ওপর দিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে চার বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ন্যাথান কুপার নামের এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিশোরীদের ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, যার ফলশ্রুতিতে একজন গুরুতর আহত হয়। আহত কিশোরীর পরিবার বলেছে, কোনো সাজাই তাদের এই মানসিক আঘাতের প্রতিফলন ঘটাতে পারবে না।
যুক্তরাজ্যের সাউদাম্পটন ক্রাউন কোর্টে একটি মামলার রায়ে ন্যাথান কুপার (৪০) নামের এক ব্যক্তিকে চার বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৩ জুন টেস্ট পার্ক স্পোর্টস গ্রাউন্ডে তিনি তার ১১ বছর বয়সী মেয়েকে পেছনে বসিয়ে মোটরসাইকেল নিয়ে ছয়জন কিশোরীর দিকে দ্রুতগতিতে এগিয়ে যান। তখন কিশোরীদের একজন তাকে থামতে বললেও তিনি তাদের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং দুজনকে ধাক্কা দেন।
ঘটনার সময় ন্যাথান কুপার মদ্যপ ও মাদকাসক্ত ছিলেন। পরে তার নিঃশ্বাস এবং রক্ত পরীক্ষা করে দেখা যায়, তিনি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি মদ এবং গাঁজা সেবন করেছিলেন। এই ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং এখনো সে পুনর্বাসনে রয়েছে।
আহত কিশোরীর পরিবার বিচারকের এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও তারা বলেছে, “কোনো কারাদণ্ডই আমাদের এবং আমাদের পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া আঘাতের গভীরতা বোঝাতে পারবে না।” তারা পুলিশ, এয়ার অ্যাম্বুলেন্স দল এবং সাউদাম্পটন জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান, যারা তাদের মেয়েকে “নতুন জীবন দিয়েছেন”।
পুলিশ স্টাফ ইনভেস্টিগেটর মার্ক ফার্স বলেন, ন্যাথান কুপার ইচ্ছাকৃতভাবে মেয়েদের ভয় দেখাতে চেয়েছিলেন এবং “কেউ মারা যায়নি, এটা অলৌকিক।” তিনি আরও বলেন, কুপার বিপজ্জনকভাবে গাড়ি চালানো, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং শারীরিক আঘাত করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন।















