উইন্ডরাশ ক্ষতিপূরণ নিয়ে জটিলতার পর এসেক্সের থমাস টোবিয়েরে পাবেন ২৫ হাজার পাউন্ড

94

সাইফ হাসান: উইন্ডরাশ কেলেঙ্কারিতে নতুন করে ক্ষতিপূরণ পাচ্ছেন এসেক্সের বাসিন্দা থমাস টোবিয়েরে। নথি জটিলতায় চাকরি হারিয়ে তিনি পেনশন ভাঙতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পরও প্রথমে তার আবেদন খারিজ করে হোম অফিস। তবে সংসদীয় ওমবাডসম্যানের প্রতিবেদনের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এখন তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে ২৫ হাজার পাউন্ড।

৭১ বছর বয়সী টোবিয়েরে মাত্র সাত বছর বয়সে সেন্ট লুসিয়া থেকে যুক্তরাজ্যে আসেন। ১৯৭৫ সালে তিনি ব্রিটিশ নাগরিক ক্যারোলিনকে বিয়ে করেন। চার দশকের বেশি সময় কাজ করার পর ২০১৭ সালে চাকরি হারান তিনি। নতুন চাকরি খুঁজতে গিয়ে প্রমাণপত্র না থাকায় তিনি কাজের অনুমতি পাননি। ফলে জীবিকা চালাতে বাধ্য হয়ে ভেঙে ফেলেন প্রায় ১৪ হাজার পাউন্ডের পেনশন।

পরবর্তীতে উইন্ডরাশ ক্ষতিপূরণ স্কিমে আবেদন করলেও প্রথমে সেই পেনশন ক্ষতির দাবি অস্বীকৃত হয়। ২০২১ সালে আংশিক ক্ষতিপূরণ পেলেও তদন্তে দেখা যায়, তিনি প্রকৃত অর্থে কম পেয়েছেন। সংসদীয় ওমবাডসম্যানের প্রতিবেদনে হোম অফিসের সিদ্ধান্তকে ‘অসংগত ও বিভ্রান্তিকর’ বলা হয়।

শুধু থমাস নন, তার পরিবারও এ ঘটনায় কষ্ট পেয়েছে। স্ত্রী ক্যারোলিন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন। তবে সেই আবেদন ব্যর্থ হয়। এতে পরিবার আরও মানসিক চাপে পড়ে। মেয়ে শার্লট টোবিয়েরে জানিয়েছেন, মামলার লড়াই তাদের মায়ের শেষ দিনগুলোকে ভারাক্রান্ত করে তোলে।

হোম অফিস এখন টোবিয়েরে পরিবারকে ক্ষমা চেয়েছে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এ পর্যন্ত উইন্ডরাশ ক্ষতিপূরণ স্কিমের আওতায় ৩ হাজার ৪৩৫টি দাবিতে প্রায় ১১৫ মিলিয়ন পাউন্ড পরিশোধ করা হয়েছে।