সাইফ হাসান: ইংল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়গুলো শিশুদের বিনামূল্যে খাবারের জন্য সরকারের দেওয়া তহবিল থেকে মাত্র ৩ পেন্স বাড়তি পাচ্ছে। এই সামান্য বৃদ্ধি স্কুলগুলোর বাজেটে বাড়তি চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন শিক্ষা নেতারা।
সরকারের শিক্ষা বিভাগ ঘোষণা করেছে, আগামী সেপ্টেম্বর থেকে প্রতি শিশুর জন্য খাবারের তহবিল ২.৫৮ পাউন্ড থেকে বাড়িয়ে ২.৬১ পাউন্ড করা হবে। কিন্তু এই ৩ পেন্স বৃদ্ধি মূল্যস্ফীতি এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির তুলনায় অনেক কম। জসেফ হাওয়েস, এন্ড চাইল্ড পোভার্টি কোয়ালিশনের চেয়ারম্যান বলেন, “স্কুলের খাবারের জন্য মাত্র ৩ পেন্স বাড়ানো যথেষ্ট নয়। এমনকি সব শিশু এই সুবিধা পায় না।”
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের জেনারেল সেক্রেটারি পল হোয়াইটম্যান বলেন, “একটি গরম খাবারের জন্য স্কুলগুলোর গড়ে ৩.১৬ পাউন্ড খরচ হয়। এই সামান্য বৃদ্ধির ফলে স্কুলগুলো নিজেদের বাজেট থেকে খরচ পূরণ করতে বাধ্য হবে।” তিনি আরও বলেন, “খাবারের মান ঠিক রাখতে গিয়ে স্কুলগুলো শিক্ষার জন্য অন্যান্য খাতে খরচ কমাতে বাধ্য হচ্ছে।”
ইংল্যান্ডে রিসেপশন, ইয়ার ১ বং ইয়ার ২-এর সব শিশু এই বিনামূল্যে খাবার পায়। একটি সাধারণ স্কুলে ৯০ জন শিশুর জন্য দৈনিক মাত্র ২.৭০ পাউন্ড বাড়তি তহবিল পাওয়া যাবে। মার্চ মাসে খাদ্যের দাম ৩% বেড়েছে, এবং ক্যাটারিং কর্মীদের মজুরি ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের খরচও বাড়ছে।
লিবারেল ডেমোক্র্যাটের শিক্ষা মুখপাত্র মুনিরা উইলসন বলেন, “সরকার শিশুদের জন্য নগণ্য সুবিধা দিচ্ছে। এই সামান্য বৃদ্ধি আর্থিক চাপের মধ্যে অপ্রতুল।”
২০১৪ সালে এই বিনামূল্যে খাবার নীতি চালু হয়েছিল, তখন প্রতি শিশুর জন্য ২.৩০ পাউন্ড দেওয়া হতো। কিন্তু মূল্যস্ফীতির তুলনায় তহবল বৃদ্ধি কম হওয়ায় ২০২৩ সালে এর মূল্য ১৬% কমে যায়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















