আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সামরিক প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পেন্টাগন জানাচ্ছে, যথাসম্ভব স্থানীয় সময় সাড়ে তিনটায় এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ ইয়োংগান প্রদেশ থেকে পূর্বদিকে ক্ষেপণাস্ত্রটি উড়ে যায়।
এখনো স্পষ্ট নয় এটি কতদূর গিয়েছে বা আগের ক্ষেপণাস্ত্রগুলোর মতো জাপানের ওপর দিয়ে গিয়েছে কিনা। এটার পরিসীমাও কতটুকু এখনো স্পষ্ট নয়। তবে দক্ষিণ কোরিয়ান এবং মার্কিন কর্তৃপক্ষ সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিশ্লেষণ নিয়ে একসঙ্গে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের মতে, এ ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে, যা মার্কিন ভূমিতে আঘাত হানতে সক্ষম। যদিও পিয়ংইয়ং দাবী করেছে, গত জুলাইয়ে পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর যেকোন জায়গায় আঘাত হানতে সক্ষম। কিন্তু মার্কিন সেনা কর্তৃপক্ষের মতে, সেটি আসলে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
উত্তর কোরিয়া এ বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। চলমান পারমানবিক পরিস্থিতির মধ্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
Share















