লাথি দিয়ে হোমলেস ব্যাক্তিকে সরিয়ে দিলো লন্ডনে ম্যাকডোনালডসের সিকিউরিটি গার্ড

145

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনের ভিক্টোরিয়া স্ট্রীটে অবস্থিত ম্যাক ডোনালডসের সামনে গত শনিবার একজন হোমলেস ব্যাক্তি তাঁর স্লিপিং ব্যাগ নিয়ে বসেছিলেন। এসময় ম্যাক ডোনালডসের একজন নিরাপত্তা রক্ষী লাথি দিয়ে হোমলেস ব্যাক্তির মালপত্র সরিয়ে দেয় এবং মপের বাকেট থেকে পানি ছড়িয়ে দিয়ে হোমলেস লোকটি যেখানে বসেছিলেন, সেখানটা ভিজিয়ে দেয়।

এই ঘটনা দেখে সেই পথ দিয়ে হেঁটে যাওয়া ব্যাক্তি ডেমন ইভান্স তা রেকর্ড করেন। এসময় অন্য এক নিরাপত্তা কর্মীকে রেকর্ড করতে বাধা দিতেও দেখা যায়।

ভিডিওতে যে হোমলেস ব্যাক্তিকে দেখা যায়, তাঁর নাম আরন ম্যাকারথী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর সাথে কথা হয় বিবিসির প্রতিবেদকের।

স্ট্রীট কিচিন নামের একটি চ্যারিটির কর্মীরা জানিয়েছেন, হোমলেস মানুষের সাথে দুর্ব্যবহারের ঘটনা প্রায় ঘটছে।

ইউনিভারসিটি কলেজ লন্ডন হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানানোর পর গতমাসে ক্যামডেন এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে কিছু তাঁবু ধ্বংস করে দেয় মেট পুলিস। এই ঘটনা ঘটেছিল সদ্য সাবেক হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান যখন নতুন একটি আইন করার প্রস্তাব দিয়েছিলেন, যে আইনের আওতায় হোমলেস মানুষকে রাস্তাঘাটে তাঁবু ব্যবহার করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা যাবে। হোম সেক্রেটারি বলেছিলেনঃ ইচ্ছা করেই এসব লোক রাস্তাঘাটে হোমলেস জীবনযাপন করে থাকে।

বিবিসির প্রতিবেদক সুয়েলা ব্রাভারম্যানের সর্বশেষ বক্তব্য জানতে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি সুয়েলা ব্রাভারম্যান।

ম্যাকডোনালডস জানিয়েছে, হোমলেস ব্যাক্তির সাথে অমানবিক আচরণকারী এজেন্সি থেকে আসা সংশ্লিষ্ট সিকিউরিটি গার্ডকে স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে। এবং প্রতিটি রেস্টুরেন্টের কর্মীদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে, সব মানুষের সাথে সম্মানের সাথে আচরণ করতে। পাশাপাশি সংশ্লিষ্ট হোমলেস ব্যাক্তির কাছে দুঃখ প্রকাশ করেছে ম্যাক ডোনালডস এবং তাঁকে নতুন স্লিপিং ব্যাগ কিনে দিয়েছে।

আরন ম্যাকারথী নামের এই হোমলেস ব্যাক্তির ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় এর প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক। কিন্তু রাজধানী নগরী লন্ডনে এমন শত শত হোমলেস মানুষ অমানবিক আচরণের শিকার হচ্ছেন প্রতিদিন।