ডিএমপির ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

522

ঢাকা সংবাদদাতা: আগামীকাল রোববার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান। নয়া পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল জানান, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের অনুমতির কথা জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। কিন্তু আওয়ামী লীগ আমাদের সমাবেশের ব্যাপারে নানা টালবাহানা করছে এবং উস্কানিমূলক কথা বলে আসছে।

মির্জা ফখরুল বলেন, এই সমাবেশ জাতীয়ভাবে খুব গুরুত্ববহ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে বাণী আমরা তা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই। আশা করি জনগণকে আমরা সেই ম্যাসেজ দিতে পারবো।

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। সমাবেশের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। তবে অন্যবারের চেয়ে এবার আগেই সমাবেশের অনুমতি দেয়ায় ডিএমপিকে ধন্যবাদ। এসময় তিনি পুলিশের কাছে সহযোগিতা কামনা করে বলেন, কোনো উস্কানি দিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করবেননা। যাতে সমাবেশে বিঘ্ন সৃষ্টি না হয়।

এর আগে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে আজ শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র তাদের দেয়া হয়। সেটি নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, শরাফত আলী সফু, ফজলুল হক মিলন, শরীফুল আলম ও আবদুস সালাম আজাদ প্রমুখ।