চীনের হেনান প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

209

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ কর্মকর্তারা।

কেন্দ্রীয় হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়ানচেং একটি সংবাদ সম্মেলনেবলেছেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ।

কোয়ানচেং আরও বলেন, গত ১৯ ডিসেম্বর থেকে প্রদেশটির হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়। হাসপাতালগুলোতে কোনও বেড ফাঁকা নেই এবং কর্মীরা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে বলে জানান তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হেনানের লোকসংখ্যা প্রা ৯ কোটি ৯৪ লাখ। এর মধ্যে ৮ কোটি ৮৫ লাখ মানুষই ইতোমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

এদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে নতুন চান্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড়ো বড়ো শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক আভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

অন্যদিকে গত সপ্তাহে সরকারী তথ্যে দেখা গেছে ডিসেম্বরের শুরুতে চীন কোভিড নিয়ন্ত্রণ শিথিল করার পর থেকে মাত্র ১ লাখ ২০ হাজার মানুষ সংক্রামিত হয়েছে এবং ৩০ জন মারা গেছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি বেইজিং-এর দেয়া তথ্য করোনা প্রাদুর্ভাবের প্রকৃত সংখ্যাকেকে প্রতিফলিত করে না।