খেরসনে মূল বাঁধে হামলা এবং বিদ্যুৎ বিভ্রাট: রাশিয়া

75

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া অধিকৃত খেরসনে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানির ক্ষতির কথা জানিয়েছে। এরজন্য রাশিয়া এই এলাকার কাছে অবস্থিত পাওয়ার লাইন এবং একটি গুরুত্বপূর্ণ বাঁধে ইউক্রেনীয়দের হামলাকে দায়ী করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ কর্তৃপক্ষ খেরসনে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন দ্রুত পরিস্থিতির সমাধান করা হবে। তবে ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের প্রধান বিদ্যুৎ বিভ্রাটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় জলবিদ্যুৎ উৎপাদনকারী কাখোভকা বাঁধের ক্ষতির কারণে এর কাছাকাছি এলাকায় কিছুটা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে ইউক্রেন এই প্রতিবেদনের ব্যাপারে কোন মন্তব্য করেনি। কাখোভকা বাঁধে হামলার বিষয়ে নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন সতর্ক করেছিল যে রুশ বাহিনী বাঁধটি উড়িয়ে দিতে চায়। এর ফলে আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ বিধ্বংসী বন্যার কবলে পড়ে যাবে।

যুদ্ধের প্রথম দিকেই রাশিয়া খেরসন দখল করে নেয়। কিন্তু ইউক্রেনীয় বাহিনী অগ্রসর হওয়ার পরে তারা এটিকে পুনরুদ্ধার করার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে।