সবার চোখ নরেন্দ্র মোদি ও পুতিনের দিকে

65

নিউজ ডেস্ক: আজ সব চোখ তাকিয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। কারণ, উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে এই দুই নেতার মুখোমুখি আলোচনায় বসার কথা রয়েছে। এতে বাণিজ্য ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটের পাশাপাশি এই দুই নেতার মধ্যে আলোচনা হবে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সাক্ষাৎ হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই সম্মেলনে সর্বশেষ নেতা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় সামারখন্দে পৌঁছেন মোদি। আনুষ্ঠানিকভাবে এই আঞ্চলিক সম্মেলনে আজই তিনি অংশগ্রহণ করবেন। কৌশলগত স্থিতিশীলতা, এশিয়া প্যাসিফিক অঞ্চল, জাতিসংঘ এবং জি২০ এর অধীনে দ্বিপক্ষীয় সহযোগিতা ইস্যুতে পুতিনের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। পুতিনের সঙ্গে আলোচনা ছাড়াও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনার কথা রয়েছে মোদির।