লন্ডনে অনির্দিষ্টকালের জন্য হোসপাইপ নিষিদ্ধ

245

ওয়ানবাংলানিউজ: টেমস নদীর উৎস থেকে কয়েক মাইল দূরে পানির অভাবে মাটি শুকিয়ে চৌচির। ক্ষরার তীব্রতার জানান দেয় শুষ্ক জলাশয়। সূর্যালোকের তীব্রতায় সবুজ মাঠ বাদামি রং ধারণ করেছে। ২০০৫ সালের পর টেমস নদীর পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যাবার পর হোসপাইপের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লন্ডন সহ দক্ষিণ ইংল্যান্ডের বিশাল এলাকায় হোসপাইপের ব্যবহার নিষিদ্ধ করেছে থেমস ওয়াটার কর্তৃপক্ষ। বুধবার মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। থেমস ভ্যালি এবং লন্ডন অঞ্চলের প্রায় এক কোটি মানুষ এই নির্দেশের আওতায় আছেন। এই আদেশের ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাড়ির বাগানে পানি দেয়া যাবেনা, হোসপাইপ ব্যবহার করে গাড়ি ও ঘরের জানালা ধোয়া যাবেনা, এবং প্যাডলিঙ পুল পানি দিয়ে ভর্তি করা যাবেনা।

বৃষ্টি না হয়ে ক্ষরা তীব্র হলে সামনে আরও নতুন নিষেধাজ্ঞা আসতে পারে।

হোসপাইপের নিষেধাজ্ঞা অমান্য করলে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। তবে প্রতিবেশীকে নিষেধাজ্ঞা অমান্য করতে দেখে পুলিসে খবর না দিয়ে নিজেদেরকে দায়িত্বশীল হওয়ার আহবান জানাচ্ছে থেমস ওয়াটার কর্তৃপক্ষ।

ডেভোন ও কর্ণওয়াল, ওয়েস্ট ওয়েলস, হ্যাম্পশায়ার এবং কেন্ট ও সাসেক্সে ইতোমধ্যে হোসপাইপের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার থেকে নিষিদ্ধ হলো লন্ডন এবং থেমস ভ্যালি অঞ্চলে। শুক্রবার থেকে ইয়র্কশায়ার ওয়াটার কর্তৃপক্ষ তাদের নিষেধাজ্ঞা কার্যকর করবে।