ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করব না: রুহানি

847

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, নিজের প্রতিরক্ষার জন্য তেহরান ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ করবে না। রোববার দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ক্ষেপণাস্ত্র উৎপাদন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় বলেও মন্তব্য করেছেন রুহানি।খবর পার্স টুডের।
প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের অস্ত্র কর্মসূচি নিয়ে তারা ভুল চিন্তা করছেন। আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখব। আমাদের নিজেদের ও প্রিয় ইরানি জনগণকে রক্ষার জন্য যে ধরনের অস্ত্র তৈরি প্রয়োজন আমরা তাই তৈরি করব এবং সেগুলোর মজুদ গড়ে তুলব।
রুহানি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। এখনো তৈরি করছি এবং ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বরং ইরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তা লঙ্ঘন করেছে। যা আন্তর্জাতিক জনমতের মুখে মার্কিন বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে।
উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেছে। এ সময় ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ারও আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেট সদস্যরা ।