খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। এই টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর ক্যারিয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। আর তার ব্যাটে ভর করেই বাংলাদেশ লিড নিয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩৬ রান।
মুশফিকের ব্যক্তিগত সংগ্রহ ১০৪ রান।
মুশফিক-লিটনের দারুণ জুটির পর দ্রুত ফিরেছেন তামিম ইকবাল। এর আগে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের শতক ও জয়-লিটন-মুশফিকের ব্যাটে শ্রীলঙ্কার সংগ্রহ টপকে গিয়ে এখন বড় লিডের স্বপ্ন দেখছে।















