গাঁজাকে বৈধতা দিতে চান লন্ডন মেয়র

201

ওয়ানবাংলানিউজ: গাঁজা সেবন এবং গাঁজা কেনাবেচা কি লন্ডনে বৈধ করে দেয়া উচিত? অনেক বছর ধরে বিষয়টি নিয়ে বিতর্ক চলে আসছে।
আমেরিকার লস এঞ্জেলেস সফরে গিয়ে এই বিতর্কটিকে আরও একবার সামনে নিয়ে এলেন লন্ডন মেয়র সাদিক খান। তরুণ বয়সে সাদিক খান নিজেও গাঁজা সেবন করেছেন। এমন সরল স্বীকারোক্তি দিতে রাজনীতিবিদের সাধারণত দেখা যায়না। এজন্যই হয়তো তিনি লন্ডনে গাঁজার ব্যবহারকে বৈধতা দিতে চান।

লস এঞ্জেলেসে বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদন হয়। গাঁজা খামারের মালিক লন্ডন মেয়রকে সেখানকার উৎপাদন পদ্ধতি এবং আইন মেনে কীভাবে ব্যবসা পরিচালনা করছেন, সে সম্পর্কে ধারনা দিলেন।

লন্ডন মেয়র সাদিক খান একটি ড্রাগস কমিশন গঠন করেছেন। এই কমিশন ব্রিটেনেই গাঁজা উতপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মধ্যে দেশ ও সমাজের উপকার হয় কিনা, তা খতিয়ে দেখবে।

আমেরিকা সফরে গিয়ে লন্ডন মেয়রের দেয়া গাঁজা সম্পর্কিত বক্তব্যে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় ব্রিটিশ সরকারের একেবারে শীর্ষ পর্যায়ে। হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল এক টুইট বার্তায় সাদিক খানকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাবধান করে দিয়ে বলেন, গাঁজা বৈধ করার ক্ষেত্রে লন্ডন মেয়রের নিজস্ব ক্ষমতা নেই। সাদিক খান তাঁর নিজের দল দল লেইবার পার্টি থেকেও খুব একটা সমর্থন পাচ্ছেন না।

লন্ডন মেয়র সাক্ষাত করেন লস এঞ্জেলেসের মেয়রের সাথেও। লস এঞ্জেলেস নগরীতে প্রায় ২শ গাঁজার দোকানকে বৈধতা দিয়ে উপকার পেয়েছেন এই নগরের মেয়র। এসব দোকানে গাঁজার তৈরি নানা ধরনের পণ্য পাওয়া যায়।

লন্ডন মেয়রের ড্রাগস কমিশন হচ্ছে একটি ফ্যাক্ট-ফাইনডিঙ উদ্যোগ। এই কমিশনে আছেন পুলিস এবং সোশাল ওয়ার্কাররা।
কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন লর্ড চার্লি ফকনার। টনি ব্লেয়ারের সময় থেকে এই ব্যারিস্টার অনেক নাম করেছেন। ইউনিভারসিটি কলেজ লন্ডনের সাথে যৌথভাবে কাজ করে চূড়ান্ত প্রতিবেদন দেবেন লর্ড চার্লি ফকনার।

লন্ডন মেয়র বলছেন, বিশ্বের অনেক উন্নত নগরীর চেয়ে গাঁজাকে বৈধতা দেয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে লন্ডন। কিন্তু সমালোচকেরা বলছেন, গাঁজা বৈধ করে ফল সব জায়গায় ভালো হয়নি। যেমনঃ আমেরিকার সান ফ্রাসিসকোতে নেতিবাচক প্রভাব পড়েছে।

২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়াতে গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়কে বৈধতা দেয়ার পর থেকে গাঁজার ব্যবহার ৫৬ শতাংশ কমে গেছে। গাঁজাকে বৈধতা দেয়ার ক্ষেত্রে লন্ডন মেয়রের আলাদা ক্ষমতা নেই; দল থেকেও হয়তো তিনি সমর্থন পাবেন না। কিন্তু গাঁজাকে বৈধতা দেয়ার বিতর্কে লন্ডন মেয়রের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তাতে সন্দেহ নেই।