পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, সেনা মোতায়েন করছে যুক্তরাজ্য

    142

    ওয়ানবাংলানিউজ ডেস্ক: পোল্যান্ডে ‘স্কাই সেবার’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।সঙ্গে মোতায়েন হবে ১০০ সেনাও। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ খবর জানিয়েছেন।
    সেনা পাঠানো হবে তিন থেকে ছয় মাসের জন্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সেবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পোল্যান্ডের আকাশসীমাকে সুরক্ষিত রাখার জন্য এবং পুরোপুরি প্রতিরক্ষামূলক কাজেই মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    যুক্তরাজ্য সরকার বলছে, সেবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা শব্দের গতিতে ছুটন্ত অবস্থায় টেনিস বল আকৃতির লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মাঝারি পাল্লার স্কাই সেবার, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ১০০ সেনাসহ মোতায়েন করতে চলেছি।

    “আমাদের পোল্যান্ডের পাশে দাঁড়ানো নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের আকাশসীমাকে রাশিয়ার আগ বাড়ানো যে কোনও আগ্রাসন থেকে সুরক্ষিত রাখতেই এ ব্যবস্থা,” বলেন তিনি।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেছেন, পোলিশ সরকারের কাছ থেকে অনুরোধ পেয়েই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেখানে মোতায়েন করা হচ্ছে এবং এটি সবসময় ব্রিটিশ সেনাদের নিয়ন্ত্রণে থাকবে।

    ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন পোল্যান্ডের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় সেখানেও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।

    চলতি সপ্তাহের শুরুর দিকে পোল্যান্ডসীমান্তের খুব কাছে ইউক্রেইনের ইয়াভোরিভ প্রশিক্ষণ ঘাঁটি এলাকায় রুশ বিমান হামলা হয়েছে।

    ‍যুক্তরাষ্ট্র ও জার্মানি এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেটো জোটের পূর্ব পাশে মোতায়েন করেছে।

    বিবিসি’র এক প্রতিরক্ষা সংবাদদাতা বলেছেন, জোনাথন বেল বলেছেন, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে মিত্রদেরকে সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা উচ্চমার্গের সামরিক অবস্থানেরই অংশ।

    ওদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বিবিসি-কে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধাপরাধী তার ‘খুবই জোরাল প্রমাণ আছে’।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়ার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস একথা বললেন।