যুক্তরাজ্যে ওমিক্রনে মৃতের সংখ্যা বেড়ে ১২, হাসপাতালে শতাধিক

994

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এই স্ট্রেইন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য জানিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আসন্ন বড়দিনের আগে সরকার আরও বিধিনিষেধ আরোপ করবে কিনা? এমন প্রশ্নের উত্তরে ডমিনিক রাব বলেন, এ ব্যাপারে তিনি এখনই নিশ্চিতভাবে বলতে পারছেন না।

তিনি বলেন, ‘পরিস্থিতি মূল্যায়নের জন্য আমরা প্রকৃত তথ্যের ওপর খুব বেশি নির্ভর করি। ওমিক্রনের তীব্রতার এই গুরুতর সমস্যাটি মূল্যায়ন করতে আরও কিছুটা সময় লাগবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসি-কে বলেছেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি। এটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এই মহামারিতে কোনও কিছুর নিশ্চয়তা আছে বলে মনে করছি না। এই অবস্থায় আমাদের সব বিষয় পর্যালোচনার মধ্যে রাখতে হবে।’

তিনি জানান, সরকার প্রায় প্রতি ঘণ্টায় তথ্য পর্যালোচনা করছে আর বৈজ্ঞানিক উপদেষ্টাদের কথা শুনছে। নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলে ব্যবসা এবং শিক্ষা ব্যবস্থার ওপর এর প্রভাব কেমন হবে তাও খতিয়ে দেখা হচ্ছে।