আন্তর্জাতিক ডেস্ক: সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে যারা ওমরা পালনের জন্য দু’ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্যও বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করবে দেশটির কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-আরাবিয়া নিউজ।
সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় বলেছে, রোববার সকাল ৬টা থেকে এসব বিধি-নিষেধ আরোপ করা হবে।
সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে, ওমরা পালন, মক্কার পবিত্র মসজিদে নামাজ আদায় ও মসজিদে নববীতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হবে। যারা সৌদি সরকারের তাওয়াকুলনা অ্যাপে দেখানো সরকারি অনুমোদন প্রাপ্ত করোনা ভাইরাসের টিকা নিয়েছে তাদের ক্ষেত্রেও এসব স্বাস্থ্যবিধি আরোপ করা হবে।
সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে সকল ব্যক্তি ওমরা হজ পালনে অনুমতি পেয়েছেন আর মক্কা ও মদিনায় যাওয়ার সরকারি সম্মতি পেয়েছেন তাদেরকে করোনার সম্পূর্ণ টিকা নিতে হবে। যদি তারা করোনা সম্পূর্ণ টিকা না নেন ওই ক্ষেত্রে ওমরা হজ পালনের ৪৮ ঘণ্টার আগেই করোনার দ্বিতীয় ডোজ বা সম্পূর্ণ টিকা নিয়ে নিতে হবে। সম্পূর্ণ টিকা না নেয়া হলে তাদের ওমরা হজ পালন করতে দেয়া হবে না।
সৌদি ওমরা ও হজ বিষয়ক এ মন্ত্রণালয় আরো বলেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে যে সকল বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে তা সৌদি আরবের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া হয়েছে।
সূত্র : আল-আরাবিয়া নিউজ















