ঢাকা সংবাদদাতা: রাজধানীর মিরপুরে নিখোঁজ হওয়া চার মেয়ে শিশুর মধ্যে দুজনকে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়।। গত ২৯শে সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। এদিকে গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর এখনো খোঁজ মেলেনি।
এছাড়া গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। ঘটনার চার দিন পরও তাদের খোঁজ মেলেনি।
মিরপুর থানা-পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। তাদের মধ্যে একজন গৃহকর্মী, যার বয়স ১৩ এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী মেয়ে শিশু। পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাসার গৃহকর্ত্রী।
সেখানে বলা হয়, তাঁর ১৪ বছরের মেয়ে ও ১৩ বছরের গৃহকর্মী ওই দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর একজনের পরিবার জানিয়েছে, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় শিশুটি। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, সঙ্গে বের হওয়া অন্য শিশু তার প্রতিবেশী।















