হাজিরা দিতে গিয়ে আসামি নিহত, বাদীর ভাইকে মারধর

112

ঢাকা সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দি থেকে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দলু মণ্ডল (৫৫) নামে এক আসামি মারা গেছেন। এ সময় অপর আসামি মুন্নি বেগম (২৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্রামে লাশ পৌঁছার পর দেখতে এলে বিক্ষুব্ধ স্বজনরা মামলার বাদী আবুল হোসেনের ভাই সোলায়মান আলীকে মারপিট করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দলু মণ্ডল সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের উত্তর টেংরাকুরা চরের মৃত ইসাহাক আলী মণ্ডলের ছেলে। আহত মুন্নি বেগম একই গ্রামের লাবলু মিয়ার স্ত্রী। গত ২২ জুলাই দলু মণ্ডলের ছাগল প্রতিবেশী কাদের মণ্ডলের ছেলে আবু হোসেনের ক্ষেতে গিয়ে ফসল খায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আবু হোসেন এ ব্যাপারে আদালতে দলু মণ্ডল, মুন্নি বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে গত ১১ আগস্ট সারিয়াকান্দি থানা মামলাটি রেকর্ড করে।

এদিকে দলু মণ্ডল ও প্রতিবেশী মুন্নি বেগম ওই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিএনজি অটোরিকশায় বগুড়ার দিকে যাচ্ছিলেন। সিএনজিটি সারিয়াকান্দি বাজারের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দলু মণ্ডল ও মুন্নি বেগম আহত হন। মুন্নিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও গুরুতর দলু মণ্ডলকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। গাবতলী এলাকায় পৌঁছলে দলু মারা যান।

দলু মণ্ডলের লাশ বাড়িতে আনার পর ওই মামলার বাদীর ভাই সোলায়মান আলী দেখতে যান। তখন ক্ষুব্ধ স্বজনরা তাকে মারধর করেন।

সারিয়াকান্দি থানার এসআই হোসেন এবং কাজলা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।