পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিল মাদুরোপন্থীরা

199

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে পার্লামেন্টের (কংগ্রেস) নিয়ন্ত্রণ নিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোপন্থীরা। নির্বাচনের একদিন পর সোমবার এক বিবৃতিতে ভোটের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

কমিশনের প্রেসিডেন্ট ইন্দিরা আলফনজো জানান, রোববারের নির্বাচনে ৫২ লাখ ভোটার ভোট দিয়েছে। এর মধ্যে ৬৭.৬ শতাংশ ভোটই মাদুরোপন্থী প্রার্থীদের পক্ষে পড়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

প্রধান বিরোধী দলগুলোর বর্জন সত্ত্বেও রোববার ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন অনুষ্ঠিত হয়। কারচুপি ও অনিয়মের অভিযোগে আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিরোধীরা। ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, শতকরা ৬৭.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মাদুরো ও তার বামপন্থী জোট।

বিপরীতে বয়কট করা বিরোধী দলগুলোর সবমিলিয়ে ১৮ শতাংশ ভোট পেয়েছে। এই নির্বাচনে ন্যাশনাল কংগ্রেসের ২২৭টি আসন নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক মাদুরোর পার্টি স্যোশালিস্ট পার্টি। ফলে তার অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। রোববার ভোট দেয়ার পর মাদুরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে ভেনিজুয়েলার উত্তরণের যুগের শুরু হবে। মাদুরো বলেন, ‘অপেক্ষা করার মতো ধৈর্য ও প্রজ্ঞা আমাদের আছে। এই ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে মুক্তি পাওয়ার দিনটি থেকে আমরা অপেক্ষা করছি।’

এরপর নির্বাচন কমিশনের ঘোষণার আগেই জয় দাবি করে বক্তব্য দেন মাদুরো। টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘ভেনিজুয়েলার জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্যদিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির পুনরুদ্ধার করেছি আমরা।

গণতন্ত্রের জন্য এটা নিঃসন্দেহে এক বড় জয়।’ এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলি তথা কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব সমর্থিত রাজনীতিক হুয়ান গুইদোর হাতে। গত প্রায় দুই বছর ধরে মাদুরোকে উৎখাত করার চেষ্টা করে আসছেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে তেল নিষেধাজ্ঞা ও অভ্যুত্থান চেষ্টাসহ নানাবিধ উপায়ে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করে আসছে পশ্চিমারা।