১৪ মাস পর মুক্ত মেহবুবা মুফতি, ‘লড়াই অব্যাহত থাকবে’

201

আন্তর্জাতিক ডেস্ক: এক বছর ২ মাস বা ১৪ মাস পরে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মুক্তি দিয়েছে ভারত। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ৫ই আগস্ট। বিতর্কিত একটি আইনের অধীনে তাকে কোনো অভিযোগ ছাড়াই দু’বছর আটকে রাখার অনুমোদন দেয়া হয়। এই আটকাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তার মেয়ে। মঙ্গলবার তার মায়ের একাউন্ট ব্যবহার করে তিনি টুইট করেছেন। এতে তার মেয়ে লিখেছেন, অবশেষে মিসেস (মেহবুবা) মুফতির অবৈধ আটকবস্থার ইতি ঘটছে। এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। গত বছর আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার আগে অধিকারকর্মী, স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ী সহ কয়েক হাজার মানুষকে আটক করে ভারত সরকার।

ওদিকে আটকাবস্থা থেকে মুক্তি পাওয়ার পর টুইটারে একটি অডিও বার্তা পোস্ট করেছেন মেহবুবা। এতে তিনি জেলে আটক অন্যদেরও মুক্তি দাবি করেছেন। আরো বলেছেন, গত বছর ৫ই আগস্ট কাশ্মীরের মানুষ যে অবমাননার শিকার হয়েছেন, তা তারা ভুলে যাবেন না। লড়াই অব্যাহত রাখবেন তারা।