রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

864

ঢাকা সংবাদদাতা: রাজধানীর জুরাইন কবরস্থান এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, গতকাল দিবাগত রাতে জুরাইন কবরস্থান এলাকায় পল্লবী জোনের ডিবির একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কীভাবে যুবক নিহত হলেন, সে বিষয়ে কিছু জানাননি এসআই।