ঢাকা সংবাদদাতা: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লির সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। বিবিসি বাংলা ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বুধবার ভারতের সাবেক এই রাষ্ট্রপতির ছেলে তার ‘বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে’ বলে জানানোর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে এ তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
১০ আগস্ট পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান নেন।
এ সময় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে দেশটির সাবেক এই রাষ্ট্রপতির। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রণবের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
বুধবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণের আলামত দেখা যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
তিনি ভেন্টিলেটর সাপোর্টেই থাকবেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।















