আন্তর্জাতিক ডেস্ক: আলোচনায় বসতে রাজি হয়েছে আফগান সরকার ও তালেবান। কাতারের রাজধানী দোহা’য় উভয় পক্ষের মধ্যে এ আলোচনা হবে বলে জানানো হয়েছে। দেশটিতে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে তালেবান। এ খবর দিয়েছে অনলাইন সাউথ এশিয়ান মনিটর।
সংগঠনটিকে দমনে সর্বোচ্চ চেষ্টা করেছে আফগান বাহিনীও। তবে এবার সমঝোতায় যেতে চায় উভয় পক্ষই। এই সংলাপ হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কোনো বৈঠক। এখনো এর কোনো দিন তারিখ ঠিক করা হয়নি। এর আগে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনা চলে।
তালেবান আশ্বাস দেয় তারা পূর্বের কট্টাপন্থি অবস্থান থেকে সরে এসে উদার রাজনৈতিক আচরণ করবে। নারী স্বাধীনতা থেকে শুরু করে আফগানিস্তানে গণতান্ত্রিক অবস্থা জারি রাখার নিশ্চয়তা দেয় তালেবান। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জানায়, তালেবান প্রতিশ্রুতি রক্ষা করলে তারাও আস্তে আস্তে সেনা সরিয়ে নেবে। তখন দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এখনো আফগান সরকারের সঙ্গে কোনো ধরণের সমঝোতা হয়নি তালেবানের। তারপর উভয় পক্ষই এবার প্রথমবারের মতো একসঙ্গে বসতে সম্মত হলো। তালেবান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রথম আফগান শান্তি আলোচনা হবে দোহায়। এর আগে ইতিমধ্যে আটক জঙ্গিদের মুক্তি দেয়ার বিষয়ে নিশ্চয়তা চায় তালেবান। এদিকে, আফগান প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র সেদিক সিদ্দিকিও একটি টুইট করেছেন। এতে তিনি বলেন, প্রথম বৈঠকের জন্য দোহাকে ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে। তবে তাকে স্থায়ী ভেন্যু হিসেবে ব্যাবহার করা হবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি।















