বন্ধুদের জন্য লেখা ইরফানের সেই হৃদয়ছোঁয়া খোলা চিঠি

826

বিনোদন ডেস্ক: ক্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াই করে জয়ী হয়ে বলিউডে ফিরেছিলেন দাপুটে অভিনেতা ইরফান খান। অভিনয় তার রক্তে যেন মিশেছিলো। তাই ক্যানসার জয়ের পর বিশ্রামও নেননি তিনি। ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিংয়ে। করোনা পরিস্থিতির কিছুদিন আগে ছবিটি মুক্তি পায়। বরাবরের মতো এ ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন ইরফান। কিন্তু বেঁচে থাকলেন না তিনি। চলে গেলেন পরপারে।

ক্যানসার চিকিৎসার পর এ অভিনেতা দেশে ফিরেই ট্যুইটারের মাধ্যমে তার অগুনতি ভক্তকে জানিয়েছিলেন ধন্যবাদ। তিনি মন খুলে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন সংবাদমাধ্যমের সেই সব বন্ধুকে যারা তার এই কঠিন লড়াইয়ে পাশে থেকেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন।

ইরফান তার নোটে লিখেছিলেন, গত কয়েকমাসে এক অন্য সফর সেরে ফিরলাম। সুস্থ হওয়ার পাশাপাশি লড়াই চালাতে হয়েছে অসীম ক্লান্তির সঙ্গে। নিজেকে তৈরি করতে হয়েছে রিল এবং রিয়াল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যে। আমি জানি আপনারা সবাই উত্‍সুক আমার সঙ্গে কথা বলার জন্যে, আমার এই লড়াইয়ের গল্প শোনার জন্যে। কিন্তু এই মুহূর্তে আমি ধীরে চলছি। চেষ্টা করছি আস্তে আস্তে কাজের জগতের সঙ্গে আরও একবার মানিয়ে নিতে। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনার জন্যে আমি কৃতজ্ঞ। আপনারা যেভাবে আমাকে সময় এবং স্পেস দিয়েছেন এই কঠিন সময়ে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ধৈর্য এবং ভালোবাসা দেখানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ।