মোহাম্মদপুরে যুবককে ছুরি মেরে হত্যা

656

ঢাকা সংবাদদাতা: রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে তৌসির (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের রাজধানী হাউজিংয়ের বছিলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তৌসির মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় থাকতেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তাঁর পরিচিত ওই এলাকার আরিফ ও ইমন। তাঁরা জানান, হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তৌসিরকে মৃত ঘোষণা করেন।

আরিফ ও ইমন জানান, গতকাল সন্ধ্যার দিকে ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এতে তৌসিরের বন্ধু উজ্জ্বল নামের এক যুবক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নেন। এ ঘটনার জের ধরে তৌসিরকে ছুরিকাঘাতে হত্যা করা হতে পারে বলে ধারণা তাঁদের।

নিহতের পরিচিত দুই যুবক দাবি করেন, রাজধানী হাউজিং এলাকার বাসিন্দা জাকির ও সোলেমানসহ চার/পাঁচজন তৌসিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।