করোনাভাইরাস মোকাবেলায় এবার ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

348

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে করোনাভাইরাস মোকাবেলায় এক মাসের কোয়ারেন্টাইনের পাশাপাশি রাজধানী ম্যানিলায় রোববার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

আগে থেকেই সেখানে স্কুল, সরকারি অফিসসহ সব কিছু বন্ধ রয়েছে। শনিবার মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির জেনারেল ম্যানেজার হোসে আর্থার গার্সিয়া জুনিয়র বলেছেন, রোববার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। খবর ব্লুমবার্গের।

ফিলিপাইনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, শনিবারে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৮।

মেট্রো ম্যানিলায় কারফিউ দেয়ার ক্ষেত্রে মেয়রকে অনুমোদন নিতে হয় প্রেসিডেন্টের। শনিবার ফিলিপাইনের কর্মকর্তারা রাজধানীতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন।

এর অর্থ হলো– লোকজন শুধু জরুরি কাজ সারতে দিনেরবেলায় ঘরের বাইরে যেতে পারবে। এর আগে এ সপ্তাহে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন উপায় অবলম্বন করেন প্রেসিডেন্ট দুতের্তে।

এর মধ্যে রয়েছে স্থল, আকাশ ও সমুদ্র বন্দর দিয়ে রাজধানী ম্যানিলার সঙ্গে অভ্যন্তরীণ সব যোগাযোগ বন্ধ থাকবে।

নিষিদ্ধ করা হয় কনসার্ট ও সিনেমা প্রদর্শন। সব স্কুলের ক্লাস এক মাস পর্যন্ত বন্ধ করা হয়।