করোনায় এপর্যন্ত ইরানে ১০৭, ইতালিতে ১৪৮ ও যুক্তরাষ্ট্রে ১২ জনের মৃত্যু

384

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইরান ও ইতালিতে। দেশ দুটিতে আজ পর্যন্ত ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইতালিতে ১৪৮ ও ইরানে ১০৭ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রেও করোনা আশ্রয় নিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ জানায়, কভিড-১৯ করোনাভাইরাসে ইতালিতে মারা গেছে ১৪৮ জন। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫৮ জন। এ ছাড়া ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। সংক্রমণ ঘটেছে ৩ হাজার ৫১৩ জনের দেহে।

ইরান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। দেশটি থেকে সংক্রমণ ঘটেছে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবেও।

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রীদের অনেকেই করোনায় আক্রান্ত। মারা গেছেন শীর্ষ নেতা আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও। দুজন রাষ্ট্রদূতও মারা গেছেন।

চীনের পর ভাইরাসটি সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার দেশটিতে নতুন করে ৫১৮ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৮৪ জন। আক্রান্তদের অধিকাংশ দেশটির দক্ষিণাঞ্চলীয় পাশাপাশি দুটো শহরে দেগু ও চোংডোর বাসিন্দা।

কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮৫ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এদের মধ্যে ১১ জন মারা গেছে ওয়াশিংটনে আর একজন ক্যালিফোর্নিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২৫ বলে জানা গেছে, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগনিরাময় কেন্দ্র বলছে– ১২৯ করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী তিন হাজার ৩৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৩৭ জন।