ঢাকা সংবাদদাতা: বগুড়ায় ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম সাইফুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের মেডিক্যাল টিম ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করেন।
বগুড়া শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে টিমটি তাদের রিপোর্ট দিবেন।
প্রসঙ্গত, বগুড়ার এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত ১৭ জুলাই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের বিরুদ্ধে। এদিকে, ঘটনা জানতে পেরে তুফানের স্ত্রী আশা স্বামীকে দায়ী না করে ঘটনার জন্য কিশোরীটিকেই দায়ী করে। এরপর আশা তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মার্জিয়া হাসান রুমকির মাধ্যমে ২৮ জুলাই ক্যাডার দিয়ে নির্যাতনের শিকার ওই কিশোরী ও তার মাকে তাদের বাদুড়তলার বাসায় নিয়ে যায়। সেখানে তাদের মারধরের পর মাথার চুল কেটে দেয়। পরে নাপিত ডেকে তাদের ন্যাড়া করিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই তুফানসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই তুফানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরী। এ ঘটনার পর ৩০ জুলাই তুফানকে শ্রমিকলীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।














