খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: আইজিপি

308

ঢাকা সংবাদদাতা: হলি আর্টিজান হামলা মামলার রায়ে খালাস পাওয়া মিজানুর রহমান ওরফে বড় মিজানের বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, মামলার তদন্তে যে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছিল তার ভিত্তিতে আদালত ৭ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন। যে আসামি খালাস পেয়েছে, আমরা তার বিরুদ্ধে আপিল করবো।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও ঘোষণা করা হয়।