ঢাকা সংবাদদাতা: রাজধানীর আজিমপুরে ডিবি পরিচয়ে গাড়ি নিয়ে ছিনতাই করার সময় একটি চক্রের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। র্যাব-১০-এর অধিনায়ক সাহাবুদ্দিন খান জানান, মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ২টার দিকে আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনে এই ঘটনা ঘটে।
সাহাবুদ্দিন খান বলেন, ‘আমাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি ছিনতাইকারী চক্রকে অনুসরণ করছিল। আজিমপুরে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই চক্রটি গুলি ছুঁড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি করে। এসময় দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন ছিনতাইকারী ছিল, তারা পালিয়েছে।’
ছিনতাইকারী চক্রটির কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব-১০-এর অধিনায়ক। গুলিবিনিময়ের সময় র্যাবের কোনও সদস্য আহত হননি বলে জানান তিনি।















